স্ত্রী ও শ্যালিকাকে পুড়িয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অগ্নিদগ্ধ হয়ে দুই বোন মারা গেছে। অগ্নিদগ্ধ হয়েছে তাদের এক চাচাতো বোন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পাকুড়তিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো ওই গ্রামের আলতাফ মোল্লার মেয়ে কুলসুম বেগম (১৮) ও স্বর্ণা (৬)।
পরিবারের অভিযোগ, তালাক দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মান্দার মোল্লা তাঁর স্ত্রী কুলসুম ও শ্যালিকা স্বর্ণার গায়ে পেট্রল ঢেলে তাদের হত্যা করেছেন। এ ঘটনায় মান্দার মোল্লার চাচাতো শ্যালিকা সাথী (১২) অগ্নিদগ্ধ হয়ে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। সে কুলসুমের চাচা আজগর মোল্লার মেয়ে।
এ ঘটনায় কুলসুমের বাবা আলতাফ মোল্লা গতকাল শনিবার টুঙ্গিপাড়া থানায় মান্দার মোল্লাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। আলতাফ মোল্লা বলেন, ১১ মাস আগে মুকসুদপুর উপজেলার চণ্ডীবরদি গ্রামের আবদুস ছত্তার মোল্লার ছেলে মান্দার মোল্লার (৪০) সঙ্গে তিনি মেয়ের বিয়ে দেন। তাঁরা জানতেন ছেলে ঢাকায় ব্যবসা করেন। কিন্তু বিয়ের পর মান্দারের ‘রহস্যজনক’ চলাফেরা ও আচরণের কারণে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এর জের ধরে সম্প্রতি কুলসুম মান্দারকে তালাক দেন।
আলতাফ মোল্লা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার রাত আনুমানিক দুইটার দিকে মান্দার মোল্লা পাকুড়তিয়া গ্রামে এসে তাঁর (আলতাফের) ঘরে কৌশলে ঢুকে পড়েন। একপর্যায়ে তিনি স্ত্রী ও দুই শ্যালিকার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। এ সময় ওই তিনজন এক বিছানায় ঘুমিয়ে ছিল। তাদের চিৎকার শুনে তিনিসহ (আলতাফ) পরিবারের অন্য সদস্যরা জেগে দেখতে পান, কুলসুম দৌড়ে ঘরের পাশের খালে ঝাঁপ দিয়েছে এবং অন্যরা বিছানায় কাতরাচ্ছে। পরে তাঁরা ওই তিনজনকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় কুলসুম ও স্বর্ণাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর বার্ন ইউনিটের চিকিৎসকেরা কুলসুম ও স্বর্ণাকে মৃত ঘোষণা করেন। গতকাল শনিবার বিকেলে ঢাকা থেকে আনার পর লাশ দুটি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
গোপালগঞ্জ সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট অনুপ কুমার মজুমদার জানান, কুলসুম ও স্বর্ণার শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। সাথীর দুই পায়ের কিছু অংশ পুড়েছে। সে শঙ্কামুক্ত।
মান্দার মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম (পিপিএম) জানান, পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।