স্ত্রী-কন্যাসহ বিমানের ডিজিএমকে দুদকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী, কন্যা ও দুই নিকটাত্মীয়সহ বাংলাদেশ বিমানের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. এমদাদ হোসেনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় ৩ কোটি টাকা পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে আজ মঙ্গলবার তাঁদের তলবি নোটিশ পাঠিয়েছেন দুদকের উপপরিচালক হামিদুল হাসান।

দুদক সূত্র জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এমদাদ হোসেনের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। দুদকে আসা অভিযোগে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স ইউনিট এমদাদের বিষয়ে অনুসন্ধান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা অর্থ স্থানান্তর ও পাচারের রেকর্ডপত্র পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের ২৮০ পৃষ্ঠার প্রতিবেদনে এসবের বিস্তারিত বিবরণ রয়েছে।
সূত্রটি আরও জানায়, বিমানের এ কর্মকর্তা নামে-বেনামে বিপুল অর্থ-সম্পদ অর্জন করেন। এর মধ্যে, ঢাকার পশ্চিম পান্থপথে বাড়ি, রাজাবাজারে ফ্ল্যাট, সিদ্ধেশ্বরীতে ফ্ল্যাট, স্ত্রী ও মেয়ের নামে এফডিআর, স্ত্রীর নামে গুলশান সুপারমার্কেটে বুটিক হাউস এবং রাজধানীর অভিজাত শপিং সেন্টারে আরও কয়েকটি দোকান রয়েছে। এসব বিষয়ের অনুসন্ধানের অংশ হিসেবে সবাইকে তলব করা হয়েছে।
তলবি নোটিশে এমদাদ হোসেনের আয়কর নথি, বেতন-ভাতার রেকর্ডপত্র, স্ত্রী আইরিন হোসেনের আয়কর ফাইল, মেয়ে ইসমাত তাবাসসুম অর্চির ব্যাংক হিসাবের কাগজ, নিকটাত্মীয় মির্জা আব্দুস সাত্তার এবং সাজেদুল ইসলামের এফডিআর সংক্রান্ত কাগজপত্র আনতে বলা হয়েছে।
এমদাদ হোসেন ও তাঁর স্ত্রী-কন্যাকে ২৩ জুলাই সকাল সাড়ে ৯টায় এবং আব্দুস সাত্তার ও সাজেদুল ইসলামকে ২৮ জুলাই সকালে দুদকে হাজির হতে বলা হয়েছে।