স্ত্রী কারাগারে, দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনীর বেসামরিক নিরাপত্তা পরিদর্শক মার্টিন সরকার খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া তাঁর স্ত্রী বানু সরকারকে রিমান্ড শেষে গতকাল শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে। ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া মার্টিনের দুই মেয়েকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।ঢাকার শাহ আলী থানা সূত্র জানায়, মার্টিন সরকারের স্ত্রী বানু সরকারকে তিন দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ। রিমান্ড শেষে গতকাল শুক্রবার তাঁকে মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।ওই থানার ওসি আনিছুর রহমান বলেন, মার্টিনের স্ত্রী খুনের বিষয়ে তেমন কোনো তথ্য দেননি। তবে জিজ্ঞাসাবাদে তাঁর দুই মেয়ে পুলিশকে জানিয়েছে, তারা দুই বোন, মা ও তাদের গৃহশিক্ষক মামুন মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। গত বৃহস্পতিবার মিরপুরের পাইকপাড়া স্টাফ কোয়ার্টারের বাসা থেকে গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে এ তথ্য পাওয়া যায়। ওই দিন মার্টিনের দুই মেয়েকে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়। কিন্তু আদালত তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে নির্দেশ দেন।ওসি জানান, গ্রেপ্তারের পর মার্টিনের দুই মেয়ে পুলিশকে জানায়, তাদের বাবার চরিত্র ভালো ছিল না। এ নিয়ে বাবার সঙ্গে মায়ের ঝগড়াঝাঁটি ছোটবেলা থেকে দেখে এসেছে তারা। কিছুদিন আগে তারাসহ তাদের মা বিষয়টি গৃহশিক্ষক মামুনকে জানায়। মামুন তাদের বাবাকে উচিত শিক্ষা দিতে তাদের নিয়ে পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার রাতে খাবারের সঙ্গে ঘুমের বড়ি খাইয়ে দেওয়া হয়।দুই মেয়ে পুলিশের কাছে স্বীকার করে, খাওয়ার পর তাদের বাবা ঘুমিয়ে গেলে গৃহশিক্ষককে খবর দেওয়া হয়। তিনি এসে তাদের ঘুমন্ত বাবাকে মারধর শুরু করলে একপর্যায়ে তিনি জেগে উঠে শিক্ষকের ওপর খেপে গিয়ে আবার নিস্তেজ হয়ে পড়েন। এর পর তাঁকে হাসপাতালে নিতে বললে মামুন তাদের বাবাকে নিয়ে উধাও হয়ে যান। পরে তারা বাবার লাশ উদ্ধারের খবর পায়।মেয়েরা আরও জানায়, হত্যা নয়, বাবাকে শায়েস্তা করতেই ঘটনার চার-পাঁচ দিন আগে মামুনকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এ সবই তাদের মা জানতেন। গত শুক্রবার ভোরে মিরপুর বেড়িবাঁধের পাশ থেকে মার্টিন সরকারের লাশ উদ্ধারের পরদিন তাঁর সহকর্মীরা লাশটি শনাক্ত করেন। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন ছিল।