স্ত্রী ঘুষ না দেওয়ায় স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় স্ত্রী ঘুষ দিতে অস্বীকার করায় স্বামীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম শহীদুল ইসলাম (৫৪)। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের স্বেতপুর গ্রামের বাসিন্দা আঞ্জুয়ারা বেগম অভিযোগ করেন, আশাশুনিতে একটি বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের কার্যালয় থেকে বীজ প্রকল্পের আওতায় গত সোমবার দুপুরে ২০০ অসহায় নারীকে মাথাপিছু এক হাজার ৮০০ টাকা করে অনুদান দেওয়া হয়। এ সময় খরচ বাবদ প্রত্যেকের কাছ থেকে ২০০ টাকা করে দাবি করেন প্রকল্পের টিম লিডার হাবিবুন্নাহার। অঞ্জুয়ারা বেগম এর প্রতিবাদ জানালে টিম লিডারের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে টিম লিডার বিষয়টি তাঁর আত্মীয় বুধহাটা ইউনিয়ন আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক স্বেতপুর গ্রামের মো. নাসিরউদ্দিন সানাকে জানান।আঞ্জুয়ারা বেগম অভিযোগ করেন, ওই ঘটনার পর সন্ধ্যায় তাঁর স্বামী স্বেতপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে পৌঁছামাত্র নাসিরউদ্দিন সানা ও তাঁর দুই মামাতো ভাই আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ টি এম আক্তারুজ্জামান ও বুধহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এ টি এম মনিরুজ্জামান শহীদুল ইসলামকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। একপর্যায়ে গুরুতর জখম হওয়ার পর তাঁকে ফেলে রেখে হামলাকারীরা চলে যায়। এরপর তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক জানান, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় শহীদুল ইসলামের ছেলে সেলিম রেজা মঙ্গলবার একটি হত্যা মামলা করেছেন।