স্ত্রী-ছেলেকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা
ছয় বছরের ছেলে ও স্ত্রীকে দীপক কুমার দাস নামের এক ব্যক্তি গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তিনি (দীপক কুমার দাস) বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের শোলুয়া গ্রামে গতকাল সোমবার গভীররাতে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দীপক কুমার দাসকে (৪২) পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রতিবেশীরা জানান, আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় স্ত্রী অনিমা দাস (৩০) ও ছেলে সজীব দাসকে (৬) দা দিয়ে গলা কেটে হত্যা করেন দীপক দাস। পরে তিনি বিষপান করেন। বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে বাসার সামনে পুকুরে গোসল করতে যান। এ সময় প্রতিবেশীরা তাঁর চিত্কার শুনে সেখানে গেলে তিনি বলেন, ‘আমাকে দেখতে হবে না। ঘরে গিয়ে দেখো কী হয়েছে।’ পরে তাঁরা দীপক কুমার দাসের বাড়িতে গিয়ে নিচতলায় স্ত্রী ও ছেলের লাশ দেখতে পান।
প্রতিবেশীরা আরও জানান, বাসার ওপরতলায় একটি ঘরে দীপক কুমার দাসের মা ও মেয়ে প্রিয়াংকা দাস ছিলেন। তাঁরা যাওয়ার পর মা ও মেয়ে বের হয়ে আসেন। বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে দীপক কুমার দাস ওপরের ঘরে মেয়েকে ডেকেছিলেন। কিন্তু তাঁর মা দরজা খোলেননি বলে জানান প্রতিবেশীরা।
এ ব্যাপারে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কামাল হোসেন জানিয়েছেন, তিনি হত্যাকাণ্ডের কথা শুনেছেন। তবে তিনি কোনো মন্তব্য করেননি। খুলনার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ঘটনাস্থলে যাচ্ছেন বলে তিনি জানান।