স্ত্রী-ছেলেকে নিয়ে বিদেশ গেলেন শামীম ওসমান
নারায়ণগঞ্জের আওয়ামী লীগের বিতর্কিত নেতা শামীম ওসমান তাঁর স্ত্রী ও ছেলেকে নিয়ে গত সোমবার সৌদি আরব গেছেন। শামীম ওসমান ও তাঁর ছেলের দেশত্যাগের ব্যাপারে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার বাদী রফিউর রাব্বির আবেদনের ৩৫ দিনের মধ্যে এই ঘটনা ঘটল।শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন পুলিশ জানায়, শামীম ওসমান, তাঁর স্ত্রী সালমা ওসমান, ছেলে ইমতিনান ওসমান ওরফে অয়ন ওসমানকে নিয়ে সোমবার বেলা তিনটা ৪৯ মিনিটে ঢাকা থেকে জেদ্দাগামী সাউদিয়া এয়ারলাইনসের বিমানে (ফ্লাইট নম্বর-এসভি-৮০৫) দেশত্যাগ করেন। এর দুই দিন আগে শামীম ওসমান গত শনিবার নারায়ণগঞ্জ শহরে এক জনসভায় বিএনপি-জামায়াত জোটের হরতাল কর্মসূচি প্রতিহতের জন্য নিজে মাঠে থাকার ঘোষণা দিয়েছিলেন।গত ৮ মার্চ শীতলক্ষ্যা নদীতে তানভীরের লাশ পাওয়ার পর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তাঁর বাবা রফিউর রাব্বি ১৮ মার্চ শামীম ও অয়ন ওসমানসহ সাতজনের নাম পুলিশ সুপারকে দিয়েছিলেন। ওই সাতজন যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছিলেন। ইতিমধ্যে ওই তালিকাভুক্ত রিফাত বিন ওসমান ও সালেহ রহমান ওরফে সীমান্তসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শামীম ওসমানের বিদেশ যাওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন ত্বকীর বাবা রফিউর রাব্বি। তিনি প্রথম আলোকে বলেন, ‘ত্বকী খুনের সঙ্গে শামীম ওসমান ও অয়ন ওসমান জড়িত। এই মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা পুলিশকে যেসব তথ্য দিয়েছেন, তাতে পুলিশও নিশ্চিত, ত্বকী খুনের মূল হোতা শামীম ওসমান ও তাঁর ছেলে। তাঁরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আগেই পুলিশ সুপারকে চিঠি দিয়েছিলাম। পুলিশের গাফিলতির কারণেই শামীম ওসমান তাঁর ছেলেকে নিয়ে দেশ ছেড়ে পালানোর সুযোগ পেলেন।’তবে শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান ওরফে দীপু প্রথম আলোকে বলেন, ‘শামীম ওসমান সৌদি আরবে ওমরাহ পালন শেষে যথাসময়ে দেশে ফিরে আসবেন।’যোগাযোগ করলে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘আমরাও শুনেছি শামীম ওসমান বিদেশে গেছেন। আদালতের নির্দেশনা ছাড়া কারও দেশত্যাগের ব্যাপারে পুলিশ নিষেধাজ্ঞা আরোপ করতে পারে না।’