স্ত্রী-ছেলেকে বাঁচাতে গিয়ে...
শেরপুরে সেচ মেশিন ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই কৃষকের স্ত্রী ও ছেলে। আজ শনিবার সকালে সদর উপজেলার চকশাহাব্দী আসামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই কৃষকের নাম মো. খলিলুর রহমান (৩২)। তাঁর আহত স্ত্রীর নাম মোর্শেদা বেগম (৩০) এবং সাত বছরের ছেলের নাম অপু। নিহত খলিলুর সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের চকশাহাব্দী আসামপাড়া গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে। আহত মা-ছেলেকে জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। বলাইয়েরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইয়াকুব আলী কৃষক খলিলুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে মোর্শেদা বেগম ধানখেতে পানি দেওয়ার জন্য বাড়ি-সংলগ্ন সেচ মেশিন ঘরে যান। তাঁর সঙ্গে শিশুপুত্র অপুও ছিল। সেচ মেশিনটি চালু করার সময় আকস্মিকভাবে বিদ্যুতের তারের সংস্পর্শ লাগে অপুর। ছেলেকে বাঁচানোর জন্য মোর্শেদা বেগম তাঁকে ধাক্কা দেন। এতে অপু বিদ্যুতের তার থেকে ছিটকে পড়ে যায়। কিন্তু মোর্শেদা তারে জড়িয়ে পড়েন। এ সময় মা ও ছেলের চিৎকারে কৃষক খলিলুর দৌড়ে সেচ মেশিন ঘরে গিয়ে মোর্শেদাকে ধাক্কা দেন। মোর্শেদা তার থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। কিন্তু ততক্ষণে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারে জড়িয়ে যান খলিলুর। ফলে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এই ঘটনার পরপরই এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় আহত তিনজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে খলিলুর রহমান মারা যান। পরে মোর্শেদা ও ছেলে অপুকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় সদর থানায় অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে। তবে কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত খলিলুরের লাশ ময়নাতদন্ত ছাড়াই তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।