স্ত্রী-ছেলের লাশ নিয়ে বাড়ি ফিরলেন নূরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিনের ব্যবসা-বাণিজ্য গুটিয়ে স্ত্রী-ছেলে ও আসবাবপত্র নিয়ে মাদারীপুরের রাজৈর উপজেলার হাসানকান্দি গ্রামে ফিরছিলেন নূরুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনার কারণে তা সম্ভব হয়নি। স্ত্রী-ছেলের লাশ নিয়ে ফিরতে হয়েছে তাঁকে। গতকাল মঙ্গলবার সকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার কুষ্টিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে নূরুলদের বহনকারী পিকআপ (ছোট ট্রাক) ভ্যান খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর স্ত্রী ঝর্ণা বেগম (৩৪) ও ছেলে মো. সোহানের (১২) মৃত্যু হয়। আহত হন নূরুল ও তাঁর ভায়রা শাহিন শেখ।
নূরুলের চাচাতো ভাই কামাল হোসেন বলেন, নূরুল ইসলাম প্রায় ১৫ বছর গাজীপুর নগরের শিববাড়ী এলাকায় ছিলেন। সেখানে তিনি পুরাতন মালামালের (ভাঙাড়ি মাল) ব্যবসা শুরু করেন। ব্যবসার টাকা দিয়ে গ্রামে জমিজমা কেনেন। ঠিক করেন গ্রামে ফিরে কাজ-কারবার শুরু করবেন। এ জন্য ব্যবসা গুটিয়ে ফেলেন। একটি পিকআপ ভ্যান ভাড়া করে গতকাল ভোর চারটার দিকে সব আসবাবপত্র ও মালামাল নিয়ে নূরুল, তাঁর স্ত্রী, ছেলে ও ভায়রা গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে শিবালয়ের কুষ্টিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে কুয়াশার কারণে পিকআপটি (ঢাকা মেট্রো-ড-১৪-৩৫০৭) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হন দুজন। খবর পেয়ে সেনাবাহিনী, ঘিওর ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। মা-ছেলের লাশ স্থানীয় বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।
বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আহসান বলেন, বিকেলে লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।