স্ত্রী, ছেলেসহ মোরশেদ খানের বিরুদ্ধে মামলা পুনরুজ্জীবিত হচ্ছে
মানি লন্ডারিং নিয়ন্ত্রণ আইনে বিএনপি নেতা এম মোরশেদ খানসহ তাঁর পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলাটি পুনরুজ্জীবিত হচ্ছে। এই মামলায় দুদককে অধিকতর তদন্ত করার অনুমতি দিয়েছেন উচ্চ আদালত।
নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে দুদকের করা আবেদনের নিষ্পত্তি করে গতকাল বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এই রায়ের অনুলিপি হাতে পাওয়ার ছয় সপ্তাহের মধ্যে মোরশেদ খান, তাঁর স্ত্রী নাসরিন খান ও ছেলে ফয়সাল মোরশেদ খানকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত এই সময়ের মধ্যে আত্মসমর্পণ করলে তাঁদের জামিন দিতে বলা হয়েছে। আদালত বলেছেন, এই তিনজনের হংকংয়ের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হিসাব জব্দের যে আদেশ ছিল তা আগামী ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। অপর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ।
পরে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, হাইকোর্ট রুল নিষ্পত্তি করে রায় দিয়েছেন। দুদক অধিকতর তদন্ত করতে পারবে। এই রায়ের ফলে মামলাটি পুনরুজ্জীবিত হলো। ওই ব্যাংক হিসাবে ১৬ মিলিয়ন হংকং ডলার রয়েছে বলে জানা যায়।
মানি লন্ডারিং নিয়ন্ত্রণ আইনে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, তাঁর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি করে দুদক। এই মামলায় গত বছরের জুলাইয়ে দুদক চূড়ান্ত প্রতিবেদন দেয়। এতে বলা হয়, এখানে কোনো মানি লন্ডারিং হয়নি। চূড়ান্ত প্রতিবেদন চলতি বছরের এপ্রিলে বিচারিক আদালত গ্রহণ করেন। ফলে অব্যাহতি পান মোরশেদ খান, নাসরিন খান ও ফয়সাল মোরশেদ খান।
এরপর আবার তদন্ত করার ও ওই চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে বিচারিক আদালতে নারাজি আবেদন করে দুদক। গত ২ জুন মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত তা খারিজ করেন। এই আদেশের বিরুদ্ধে দুদক হাইকোর্টে রিভিশন আবেদন করে। এর শুনানি নিয়ে ৫ জুন হাইকোর্ট রুলসহ ওই ব্যাংক হিসাব ফ্রিজ রাখতে অন্তর্বর্তীকালীন আদেশ দেন। ১ সেপ্টেম্বর রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট ৯ নভেম্বর রায়ের দিন রাখেন।