স্ত্রী নির্যাতনকারী পুলিশ সদস্য জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে স্ত্রী নির্যাতনের ঘটনায় মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়ারেছকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আদীব আলী গতকাল সোমবার দুপুরে ওই আদেশ দেন।
নগরের কাউনিয়া এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রীকে (১৪) আটকে রেখে মো. ওয়ারেছ নির্যাতন চালান বলে অভিযোগ ওঠে। পরে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সহযোগিতায় পুলিশের উপস্থিতিতে ৫ মার্চ বাসভবন থেকে তালাবদ্ধ অবস্থায় পুলিশ সদস্যের স্ত্রীকে উদ্ধার করে কাউনিয়া থানার পুলিশ।
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি জানায়, ওয়ারেছ ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরীকে জোর করে বিয়ে করেন। তিনি আরও দুটি বিয়ে করেছেন। কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। ১০ মার্চ ওই কিশোরীর মা বাদী হয়ে ওয়ারেছের বিরুদ্ধে মামলা করেন।
জাতীয় মহিলা আইনজীবী সমিতি বরিশাল বিভাগের প্রধান এনিরা বেগম জানান, ওয়ারেছ ওই কিশোরীকে বিয়ে করে অন্যায় করেছেন। একই সঙ্গে তিনি স্ত্রীকে ঘরে আটকে রেখে নির্যাতন করে দ্বিতীয় অপরাধ করেছেন। ওই পুলিশ সদস্যের জামিনের মেয়াদ গতকাল শেষ হলে আদালতে হাজির হয়ে তিনি পুনরায় জামিন আবেদন করেন। এ সময় জামিন আবেদনের বিরোধিতা করা হয়। পরে বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওয়ারেছ আগে আরও দুটি বিয়ে করেছেন—এমন খবর পাওয়ার পর কিশোরীর পরিবারের পক্ষ থেকে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওয়ারেছ স্ত্রীর ওপর নির্যাতন শুরু করেন। তিন মাস আগে তিনি স্ত্রীকে জোর করে কর্মস্থল কাউনিয়ার চৌধুরীপাড়া এলাকার ভাড়া বাসায় এনে প্রথমে তাঁর স্কুলে যাওয়া বন্ধ করে দেন; এরপর ঘরে তালাবদ্ধ করে রাখেন।