নওগাঁয় স্বামীর বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ তদন্তে এক সদস্যের কমিটি গঠন করা হয়েছে। জেলার পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক গতকাল শুক্রবার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলমকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন।
এ ব্যাপারে খোরশেদ আলম বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের ভিত্তিতে ঘটনা অনুসন্ধানের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছেন। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। অভিযুক্ত স্বামী লাহরী খানকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল দুপুরে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কেউ মামলা করতে চাইলে অবশ্যই মামলা নেওয়া হবে।’
এদিকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে গতকাল শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত স্বামী নওগাঁ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপসহকারী প্রকৌশলী লাহরী খান।
শহরের চক এনায়েত এলাকায় লাহরী খান তাঁর ভাড়া বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, ‘গত ২৮ ও ২৯ অক্টোবর বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের তথ্যগুলো মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।’
লিখিত বক্তব্যে লাহরী খান দাবি করেন, ‘২০১৪ সালের ২৭ জুন কুষ্টিয়া সদরের আমলাপাড়া মহল্লার সোহেল রেজা তপুর মেয়ে তাসনুবা রেজার সঙ্গে পারিবারিকভাবে আমার বিয়ে হয়। চাকরির সুবাদে ১৩ অক্টোবরে বাবার বাড়ি থেকে তাসনুবাকে নিয়ে নওগাঁর চক এনায়েত এলাকায় একটি ফ্লাটে বসবাস শুরু করি। ২২ অক্টোবর সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরে স্ত্রীর কাছে কফি খেতে চাই। কফি খাওয়ার সঙ্গে সঙ্গে গা ঝিম ঝিম করা শুরু করে। এক সময় ঘুমিয়ে পড়ি। পরের দিন সকাল সাতটার দিকে ঘুম থেকে উঠে স্ত্রীকে অন্য একটি ছেলের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পাই। এ সময় রাগে ক্ষোভে আমি আমার স্ত্রীকে কয়েকটা চড়-থাপ্পড় দেই।’