স্ত্রী নির্যাতনের অভিযোগে সাবেক ক্রিকেটার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে সাবেক ক্রিকেটার নুরুজ্জামান ওরফে নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে মিরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কিউরেটরও।
মিরপুর থানার পুলিশ জানায়, নুরুজ্জামান মিরপুর ১০ নম্বর সেকশনের বি ব্লকে থাকতেন। গত রোববার নুরুজ্জামান তাঁর স্ত্রী মাকছুদা পারভীনের কাছে দুই লাখ টাকা যৌতুক চান। তাঁর স্ত্রী মা-বাবার কাছ থেকে এক লাখ টাকা এনে দেন। বাকি এক লাখ টাকা না দেওয়ায় মাকছুদাকে পেটান নুরুজ্জামান। এ ঘটনায় গতকাল মাকছুদা তাঁর স্বামী নুরুজ্জামানকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাসুদ আহাম্মদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, বেলা তিনটার পর নুরুজ্জামানকে মিরপুর ১০ নম্বর সেকশনের বি ব্লকের হোপের গলি থেকে গ্রেপ্তার করা হয়।