স্ত্রী নির্যাতনের মামলায় শিক্ষা কর্মকর্তা জেলে
বাগেরহাটের কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদারকে (৫০) তাঁর স্ত্রীর করা নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার নিজ কার্যালয় থেকে সেলিমকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠিয়েছে।
সেলিম তালুকদারের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার ঝাটরা গ্রামে। তিনি ঢাকার হাজারীবাগ এলাকার মনেশ্বর রোডের একটি বাড়িতে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন। বর্তমানে তিনি কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম মুঠোফোনে বলেন, সেলিম তালুকদার সম্প্রতি যৌতুকের জন্য তাঁর স্ত্রী জাহানারা বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। বিষয়টি জাহানারা তাঁর ভাইবোনদের জানালে তাঁরা সেলিমকে কিছু টাকা দেন। এর কিছুদিন পর তিনি আবার যৌতুকের জন্য শারীরিক নির্যাতন শুরু করেন। এরপর জাহানারা ১১ অক্টোবর হাজারীবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সেলিমের বিরুদ্ধে একটি মামলা করেন। সেই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। কচুয়া থানায় গ্রেপ্তারি পরোয়ানা পাঠালে পুলিশ গতকাল তাঁকে গ্রেপ্তার করে। দু-এক দিনের মধ্যে সেলিমকে হাজারীবাগ থানায় নিয়ে আসা হবে বলে জানান শরীফুল ইসলাম।