স্ত্রী-পুত্রসহ ছয়জনকে হারিয়ে আমির হোসেনের কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর আগে বিয়ে করেন আমির হোসেন (৩০)। গ্রামের বাড়ি সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সারিয়াকান্দা ইসলামপুর গ্রামে। পরিবার নিয়ে থাকেন ঢাকায়। মাত্র ১৫ দিন আগে তাঁদের ঘর আলো করে আসে নতুন অতিথি। আদর করে নাম রাখা হয় সজীব। টানা কয়েক দিন তাকে নিয়ে চলে আনন্দ-উৎসব। নতুন অতিথিকে স্বাগত জানাতে গ্রামের বাড়ি থেকে ছুটে আসে আমির হোসেনের বোনসহ আরও বেশ কয়েকজন। ভাইয়ের কাছে বোন কল্পনা বেগমের (২১) আবদার, ‘আমাদের সজীবের গায়ে গ্রামের আলো-বাতাস লাগাতে হবে। গ্রামের আলো-বাতাস গায়ে লাগলে সজীব রোগবালাই থেকে মুক্ত থাকবে।’ বোনের আবদার ভাই ফেলতে পারেননি। আমির হোসেন সিদ্ধান্ত নেন, সজীবকে নিয়ে বুধবার গ্রামের বাড়ির উদ্দেশে যাবেন। সিদ্ধান্ত অনুযায়ী বুধবার রাত ১০টার দিকে ভৈরব লঞ্চঘাটে আসেন। ওঠেন এমভি বিপাশায়। ‘রোগবালাই থেকে মুক্ত রাখার আশায় আমার প্রাণের ধনকে গ্রামে নিতে গিয়ে একি সর্বনাশ হলো’ বলে তীরে বসে বুক চাপড়িয়ে কাঁদছিলেন সজীবসহ পরিবারের ছয় সদস্যকে হারানো আমির হোসেন।আমির হোসেন বলেন, ‘আমার সঙ্গে স্ত্রী তাছলিমা বেগম (২২), ছেলে সজীব, বোন কল্পনা বেগম, ভাগিনা কাওসার মিয়া (১০), আবুল হোসেন (৬) ও সজীবের নানি ফয়জুন্নেছা ছিলেন। তাছলিমা বেগম, সজীব ও ফয়জুন্নেছার মৃতদেহ পাওয়া গেছে। অন্যরা এখনো নিখোঁজ।’আমির হোসেনের ভাষ্যমতে, দুর্ঘটনার সময় তিনি ছাড়া বাকিরা ছিলেন লঞ্চের নিচতলায়। তখন সবাই যার যার মতো করে ঘুমাচ্ছিলেন। লঞ্চটি যখন টলছিল, তখন সতর্ক করতে তিনি দৌড়ে নিচতলায় যান। গিয়ে দেখেন, মায়ের কোলে সজীব ঘুমাচ্ছে। ঘুম থেকে তুলে সবাই যখন ওপরের দিকে উঠছিল, তখন লঞ্চটি তখন কাত হয়ে এক পাশ ডুবে যায়। তিনি ওপরে উঠতে পারলেও অন্যদের কী হলো বলতে পারেননি। তীরে উঠে বিষয়টি বুঝতে পেরে তিনি চেতনা হারিয়ে ফেলেন।