স্ত্রী পেটানো সেই স্বামী গ্রেপ্তার
বাইরে সশস্ত্র পাহারা বসিয়ে ঘরে স্ত্রীকে পেটানোর ঘটনায় সিলেটের বিমানবন্দর থানায় মামলা হয়েছে৷ মামলার প্রধান আসামিকেও গ্রেপ্তার করেছে পুলিশ৷
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সিলেট শহরতলির বাইশটিলা এলাকায় অভিযান চালিয়ে আসামি বাবুল আহমদকে গ্রেপ্তার করা হয়৷ এর আগে নির্যাতিত নারী বাদী হয়ে মহানগরের বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
শহরতলির বাছাটিলা এলাকার বাসিন্দা বাবুল আহমদ কয়েক দিন ধরে তাঁর স্ত্রীর কাছে বাবার বাড়ি থেকে ইজিবাইক কিনে এনে দিতে বলে আসছিলেন৷ যৌতুকের এ দাবি পূরণ না হওয়ায় বাবুল গত মঙ্গলবার তাঁর স্ত্রীকে বেধড়ক মারধর করে অচেতন করে ফেলেন। এ নিয়ে প্রথম আলোয় গতকাল ‘বাইরে সশস্ত্র পাহারা, ঘরে স্ত্রীকে পিটুনি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি শাহ জামান জানান, প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের সূত্র ধরে গতকাল সকালে নির্যাতিত নারী তাঁর স্বামী বাবুল আহমদ ও স্বামীর খালাতো ভাই আবদুল বারিকসহ আটজনকে আসামি করে বিমানবন্দর থানায় লিখিত অভিযোগ দিলে সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।