স্ত্রী বলছেন আত্মহত্যা, ভাইয়ের দাবি হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌর এলাকায় একটি বাড়ির ভেতর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার  রাত দেড়টার দিকে ২ নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়া থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত ব্যক্তির নাম আবুল হাশেম (৪৫)। তাঁর বাড়ি মিয়ানমারে। তিনি জালিয়াপাড়ার বাসিন্দা খাদিজা বেগমকে (৩৫) বিয়ে করে সেখানে থাকছেন ১৭ বছর ধরে। তাঁদের সংসারে তিন মেয়ে রয়েছে। তাঁর আরেক ভাই আবুল কাশেমও ওই এলাকায় থাকেন। তবে তাঁদের মা-বাবা এখনো মিয়ানমারের বাসিন্দা।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পুলিশ ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে। তখন লাশটি গলায় ফাঁস লাগানো থাকলেও ঝুলন্ত অবস্থায় ছিল না। ঘরের ওপরের চালার একটি অংশ খোলা ছিল।

 চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমি সরেজমিনে গিয়ে দেখেছি, খাট আর সিলিং ফ্যানের দূরত্ব পাঁচ ফুটের কম।’

হাশেমের ভাই আবুল কাশেম দাবি করেন, তাঁর ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তাঁর স্ত্রী। এর আগেও তাঁর ভাইকে অনেকবার নির্যাতন করা হয়েছে। জনপ্রতিনিধিরা বিষয়টি সম্পর্কে অবগত আছেন। এ নিয়ে সালিসও হয়েছে। 

তবে খাদিজা বেগম প্রথম আলোকে বলেন, রোববার রাত ১০টার দিকে বাড়ির সবাইকে ঘর থেকে বের করে দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তাঁর স্বামী। পরে রাত ১২টার দিকে পুলিশকে জানানো হলে পুলিশ দেড়টার দিকে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, লাশ উদ্ধারের পর কক্সবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যার মূল রহস্য জানা যাবে। তা ছাড়া নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।