স্ত্রী বিএনপির প্রার্থী স্বামী স্বতন্ত্র
পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির সহসভাপতি মোসাম্মৎ শিউলী বেগম। পাশাপাশি ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমানও প্রার্থী হয়েছেন। তিনি শিউলি বেগমের স্বামী।
ওই ইউনিয়নের কয়েকজন ভোটার বলেন, স্বামী-স্ত্রী দুজনই ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় বিএনপির সমর্থক ভোটাররা দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন। ২২ মার্চ এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জানতে চাইলে মিজানুর রহমান বলেন, ‘আসলে রাজনৈতিক মামলার কারণে যদি নির্বাচন করতে না পারি; সেই আশঙ্কা থেকে স্ত্রী শিউলি বেগমকেও নির্বাচনে দাঁড় করানো হয়েছে। বিষয়টি ভোটাররাও বুঝতে সক্ষম হবেন, কোনো সমস্যা হবে না।’ শিউলী বেগম বলেন, রাতের আঁধারে কে বা কারা তাঁর পোস্টার, ব্যানার খুলে ফেলছে।
জেলা বিএনপির এক নেতা বলেন, দল থেকে শিউলি বেগমকেই মনোনয়ন দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। অভিযোগ অস্বীকার করে ওই ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আলতাফ হোসাইন হাওলাদার বলেন, ‘আমাদের ইউনিয়নে সব প্রার্থীই শান্তিপূর্ণভাবে প্রচারণা চলাচ্ছেন।’