স্ত্রী-সন্তান হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও মেয়েকে হত্যার দায়ে নাজমুল হাসান (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. সালেহ উদ্দিন আহমদ এই রায় দেন।
নাজমুল হাসান আশ্বিনপুর গ্রামের নুরুল আমিনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৪ জুলাই নাজমুলের স্ত্রী হোসনে আরার বাবা আবুল কাশেম তাঁর মেয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় নাজমুলের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ ওই দিনই নাজমুলকে আটক করে। পরে পুলিশের কাছে নাজমুল স্ত্রী হোসনে আরা ও নয় মাস বয়সী মেয়ে নাজনিনকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আমান উল্যাহ জানান, ২০১০ সালের ১৯ জুলাই রাতে নাজমুল নিজ ঘরে প্রথমে স্ত্রীকে হত্যা করেন। শিশুকন্যা কান্নাকাটি করলে তাকেও একইভাবে হত্যা করে দুজনের লাশ একটি পরিত্যক্ত ঘরে মাটির নিচে পুঁতে রাখেন। পরে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।