স্ত্রী-সন্তানকে নিতে এসে নিজেই লাশ
স্ত্রী-সন্তানকে বরিশালে নিয়ে যেতে ঢাকায় এসেছিলেন লিয়াকত হোসেন (৪৫)। কিন্তু স্ত্রী-সন্তানকেই তাঁর লাশ বহন করে নিয়ে যেতে হলো বরিশালে। গতকাল শুক্রবার সকালে পল্টনে বাসের ধাক্কায় লিয়াকতের মর্মান্তিক মৃত্যু হয়। লিয়াকত বরিশাল সদরে খাদ্য বিভাগে খাদ্য কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর চালক বাস নিয়ে পালিয়ে যান। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাতটার দিকে পল্টনের ইউবিএল মোড়ে পুলিশ বক্সের সামনে একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সিএনজির যাত্রী লিয়াকত, তাঁর বন্ধু গোলাম কিবরিয়া ও সিএনজিচালক মো. আরিফ গুরুতর আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লিয়াকতকে মৃত ঘোষণা করেন।শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, সচিবালয় থেকে বের হওয়া একটি বাসের ধাক্কায় এ ঘটনা ঘটেছে। ওই বাসে ‘মন্ত্রণালয়ের স্টাফ বাস’ লেখা ছিল। বাসের নম্বর সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।লিয়াকতের ভাতিজা শাহীন হাওলাদার প্রথম আলোকে জানান, কর্মস্থল হওয়ায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বরিশাল সদরেই থাকতেন লিয়াকত। সম্প্রতি তাঁর স্ত্রী ও দুই সন্তান রাজধানীর বাড্ডায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। তাঁদেরকে বরিশালে নিয়ে যেতেই গতকাল সকালে লঞ্চ থেকে নেমে সিএনজিযোগে বন্ধুসহ বাড্ডায় যাচ্ছিলেন লিয়াকত।শাহীন গতকাল সন্ধ্যায় বলেন, ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে লিয়াকতের লাশ তাঁর স্ত্রী-সন্তানেরা বরিশালে নিয়ে গেছেন। সেখানে জানাজা শেষে লাশ গ্রামের বাড়ি বরগুনা সদরে নিয়ে যাওয়া হবে।