স্ত্রী-সন্তানকে হত্যা : অসীমকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় স্ত্রী ও কন্যাশিশুকে হত্যা মামলায় গ্রেপ্তার অসীম শীলকে আজ শুক্রবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে। আজ চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল্লা কায়সারের আদালতে তাঁকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত আগামী রোববার রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত মঙ্গলবার সকালে বোয়ালখালীর দক্ষিণ সারোয়ারতলী এলাকার শীলপাড়ার অসীম শীলের ঘর থেকে তাঁর স্ত্রী শেলী শীল ও পাঁচ বছর বয়সী মেয়ে অন্তরা শীলের লাশ উদ্ধার করে পুলিশ। ঘরের ভেতরে খাটের ওপর ছিল অন্তরার লাশ। আর ফ্যানের সঙ্গে ঝোলানো ছিল শেলীর লাশ। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অসীম শীল। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নিহত শেলী শীলের মা মিনতি রানী শীল বাদী হয়ে তাঁর মেয়ের স্বামী, শাশুড়িসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে মুখ খোলেননি অসীম। তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের আবেদন করা হয়েছে।