স্ত্রী-সন্তানকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের কালাগড় গ্রামের একটি পুকুর থেকে গত শনিবার গৃহবধূ জয়নবা আক্তার (৩৩) ও তাঁর শিশুসন্তান মর্জিনা আক্তারের (২) লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী আবদুল মজিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। জয়নবার বাবা নূর মোহাম্মদ গতকাল রোববার আবদুল মজিদসহ পাঁচজনকে আসামি করে মধ্যনগর থানায় হত্যা মামলা করেন। গৃহবধূর বাবা নূর মোহাম্মদ বলেন, ‘আমার মেয়ে ও নাতনিতে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে। সংসার টেকাতে প্রায়ই আমি আর্থিকভাবে সহায়তা করেছি। এর পরও আমি আমার মেয়ে ও নাতনিকে বাঁচাতে পারলাম না।’ আবদুল মজিদ বলেন, ‘সেদিন সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে আমার একটু কথা-কাটাকাটি হয়েছিল। অভিমান করে হয়তো আমার স্ত্রী শিশুটিকে নিয়ে আত্মহত্যা করেছে।’ মধ্যনগর থানার ওসি মো. জানে আলম খান জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মজিদকে আটক করা হয়েছে।