স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড
মাগুরায় স্ত্রী ও সন্তানকে হত্যার দায়ে আমিরুল ইসলাম (৩৭) নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার সকালে মাগুরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এই দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশ পাওয়া আমিরুল ইসলাম মাগুরার মহম্মদপুর উপজেলার বেথুলিয়া চৌবাড়িয়ার ছোবহান মোল্লার ছেলে। রায় ঘোষণার সময় আসামি এজলাসে উপস্থিতি ছিলেন।
সরকারি কৌঁসুলি কামাল হোসেন জানান, আমিরুল ইসলাম ২০১১ সালের ৫ জুন তাঁর স্ত্রী কবিতা খাতুনকে ইট দিয়ে আঘাত করে ও ছয় বছরের মেয়ে জামিলাকে গলা টিপে হত্যা করেন। এ ঘটনার পরদিন আমিরুলের শ্বশুর রফিক মোল্লা বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মাগুরা সদর থানায় হত্যা মামলা করেন। মামলা দায়েরের পরদিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আমিরুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সাক্ষ্য-প্রমাণ সাপেক্ষে আসামিকে দোষী সাব্যস্ত করে আজ মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত।