স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে স্বামীসহ দুজনের মৃত্যুদণ্ড
স্ত্রী ও সন্তানকে হত্যার দায়ে নোয়াখালীতে স্বামীসহ দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার বিকেলে জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন স্বামী মোরশেদ আলম (৩৭) ও তাঁর সহযোগী মামাতো ভাই রুবেল (২৭)। রায় ঘোষণার সময় আসামি রুবেল কাঠগড়ায় উপস্থিত ছিলেন। একই আদেশে আদালত আসামিদের প্রত্যেকের পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৪ আগস্ট রাতে মোরশেদ আলম তিন বছরের ছেলে আপনকে অসুস্থ অবস্থায় নোয়াখালী শহরের গুডহিল হাসপাতাল নামের একটি ক্লিনিকে ভর্তি করেন। এ সময় তাঁর স্ত্রী রুমা আক্তার ওরফে স্বপ্নাও সঙ্গে ছিলেন। পরের দিন সকালে ক্লিনিকের ওই কক্ষের ভেতরে কোনো সাড়াশব্দ না পেয়ে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে মা ও ভর্তি হওয়া শিশু আপনের মৃতদেহ পাওয়া যায়। শিশু আপনের পিতা পরিচয়দানকারী মোরশেদ আলম এ সময় পলাতক ছিলেন।
সূত্র জানায়, এ ঘটনায় হাসপাতালের মালিক আবদুল হাই বাদী হয়ে সুধারাম থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার নয় দিনের মাথায় পুলিশ মুঠোফোন ট্রাকিংয়ের মাধ্যমে চট্টগ্রাম থেকে প্রথমে মোরশেদ আলম, পরে ঢাকা থেকে তাঁর সহযোগী মামাতো ভাই রুবেলকে (২৭) গ্রেপ্তার করে। মোরশেদ আলম আদালতে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান। তবে গ্রেপ্তারের পর থেকে কারাগারে আটক রয়েছেন সহযোগী রুবেল।
পুলিশ তদন্ত শেষে একই বছরের ১০ অক্টোবর আদালতে মোরশেদ ও রুবেলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আদালত দীর্ঘ শুনানির পর আজ রায় ঘোষণা করেন।
আসামির স্বীকারোক্তিতে স্ত্রী-পুত্রকে হত্যার বর্ণনা : মোরশেদ আলমকে পুলিশ গ্রেপ্তার করার পর তিনি প্রথমে থানায়, পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তিতে মোরশেদ আলম দাবি করেন, ঢাকার তেজগাঁও এলাকায় একটি বাসায় তিনি ভাড়া থাকতেন। রুমা আক্তার (৩০) ওই বাসায় গৃহ পরিচারিকা হিসেবে কাজ করতেন। তাঁর বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়। একপর্যায়ে তিনি রুমাকে বিয়ে করেন। কিন্তু কখনো তাঁদের বাড়িতে নেননি এবং বাড়িতে বিয়ের কথা গোপন রেখে একই এলাকার এক পুলিশ কর্মকর্তার মেয়েকে বিয়ে করেন।
জিজ্ঞাসাবাদে মোরশেদ আলম আরও জানিয়েছিলেন, প্রথম স্ত্রী একবার তাঁর লক্ষ্মীপুরের গ্রামের বাড়িতে গিয়েছিল। ওই সময় তিনি তাঁকে চিনেন না বলে টাকাপয়সা দিয়ে ঢাকায় পাঠিয়ে দেন। পরবর্তী সময়ে আবারও অসুস্থ ছেলেকে নিয়ে রুমা ঢাকা থেকে লক্ষ্মীপুর গেলে তিনি ছেলেকে চিকিৎসার কথা বলে নোয়াখালীর গুডহিল হাসপাতালে ভর্তি করান এবং রাতে মামাতো ভাই রুবেলের সহায়তায় প্রথমে স্ত্রীকে, পরে ছেলেকে শ্বাসরোধে হত্যা করেন।