স্ত্রী-সন্তানসহ সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
প্রায় সাড়ে ৫৯ কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে পরিবারের তিন সদস্যসহ সাবেক এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। আজ বুধবার বনানী থানায় দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম মামলাটি করেন।
এজাহার সূত্রে জানা যায়, মেজর জেনারেল (অব.) জালাল উদ্দীন আহমেদ ২০০৩ সালে স্ত্রী আলেয়া ফাতেমাসহ ধারা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে সমবায় ব্যবসা শুরু করেন।
লাখে দুই হাজার টাকা লাভের আশায় ১ হাজার ৪৪৯ জন বিনিয়োগকারী মোট ৫৯ কোটি ৩৯ লাখ ১ হাজার ৪৫৪ টাকা ওই প্রতিষ্ঠানে রসিদের মাধ্যমে জমা দেন। কিন্তু জালাল উদ্দীন আহমেদ সোসাইটির ব্যাংক হিসাবে কোনো অর্থ জমা না দিয়ে তা ছেলে-মেয়ের কাছে পাচার করেন বলে দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে।
এ কারণে জালাল উদ্দীন আহমেদ, তাঁর স্ত্রী আলিয়া ফাতেমা, ছেলে তালহা আহমেদ ও মেয়ে রাদিয়া আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে মামলা : ঘুষ না পেয়ে সেবা না দেওয়া এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক দুই কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুদক।
আজ বুধবার বিকেলে কোতোয়ালি থানায় দুদকের উপসহকারী পরিচালক মাহবুবুল আলম মামলাটি করেন।
মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক রেকর্ড কিপার মো. নজরুল ইসলাম ও সাবেক নকলনবিশ মো. আবদুল হক।