স্ত্রী সাজিয়ে শিশুকে পাচারের চেষ্টা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েটির বয়স ১২ বছর৷ তাকে স্ত্রী পরিচয় দিয়ে ভারতে পাচার করছিলেন এক ব্যক্তি৷ রাজশাহী সীমান্তের একটি বাড়ি থেকে গত রোববার রাতে বিজিবির সদস্যরা শিশুটিকে উদ্ধার করেছে। সেই সঙ্গে আটক করা হয়েছে অভিযুক্ত পাচারকারীকে। গতকাল সোমবার তাদের নগরের মতিহার থানায় হস্তান্তর করা হয়।
পাচারকারী অভিযোগে আটক ব্যক্তির নাম মুনছুর রহমান (৩০)। বাবার নাম সুবোধ ব্যাপারী। বাড়ি কুষ্টিয়ার বাংলাবাজার এলাকায়। বর্তমানে ঢাকার সাভারে থাকেন। মুনছুর রহমান বিবাহিত। তাঁর স্ত্রী শাহীদা খাতুন তৈরি পোশাক কারখানায় কাজ করেন। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
উদ্ধারকৃত শিশুটি চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিল। তার বাড়ি ভোলা জেলায়। তার পরিবার এখন সাভারে থাকে।
বিজিবির খানপুর ক্যাম্পের টহল দলের নেতা হাবিলদার হাবিবুর রহমান জানান, শিশুটিকে পাচার করা হবে—এমন তথ্য পেয়ে তাঁরা অভিযানে নামেন৷ সীমান্তের ১৬১ নম্বর মূল স্তম্ভ থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত একটি বাড়ি থেকে ওই দুজনকে আটক করা হয়।
মেয়েটি জানায়, সাভারে তাদের পাশাপাশি বাসা। তারা বিয়ে করেছে। বিয়ের পর বেড়াতে বের হয়েছিল। স্বামী তাকে কোথায় বেড়াতে নিয়ে যাচ্ছিল, সে জানে না।
বিয়ের প্রমাণ হিসেবে মুনছুর রহমানের কাছে বিয়ে নিবন্ধন করার রেজিস্টারের একটি সবুজ পাতা পাওয়া যায়। তাতে কোনো কািজর সিল বা স্বাক্ষর নেই। শুধু মেয়েটির স্বাক্ষর নেওয়া হয়েছে। আর তাদের ঠিকানা লেখা রয়েছে।
মুনছুর রহমানের ভাষ্যমতে, তাঁরা পালিয়ে এসে কুষ্টিয়ার গোলাপনগরে বিয়ে করেছেন। রাজশাহীর পবার চর খিদিরপুরে তাঁরা বেড়াতে এসেছিলেন। মেয়েটিই তাঁকে পীড়াপীড়ি করে বাড়ি থেকে বের করে নিয়ে এসেছে।
মেয়েটিও একই কথা বলে। সে এও বলে, বিয়ের বয়স না হলেও তার মনটা বড় হয়েছে। দেশের আইনের চেয়ে মানুষের মনই বড়।
নগরের মতিহার থানার উপপরিদর্শক সোহেল রানা বলেন, পাচারকারীরা এভাবেই ভালোবাসার অভিনয় করে মেয়েদের নিয়ে আসে। মেয়েরা বুঝতে পারে না। তিনি জানান, শিশু পাচারের অভিযোগে মুনছুর রহমানের বিরুদ্ধে থানায় মামলা করা হচ্ছে। মঙ্গলবার (আজ) আসামিকে আদালতে সোপর্দ করা হবে। আর মেয়েটির ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।