স্ত্রী হত্যা মামলায় খালাস পেলেন স্বামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আলোচিত কামরুন্নাহার লাকীকে হত্যা মামলায় নিম্ন আদালতের রায়ে একমাত্র মৃত্যুদণ্ড পাওয়া ও নিহত গৃহবধূর স্বামী মো. রফিকুল ইসলাম খালাস পেয়েছেন। 

বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন। নিম্ন আদালতের রায়ের পর উচ্চ আদালতে আসা আসামির ডেথরেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) ওপর শুনানি শেষে এ রায় দেওয়া হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল। পলাতক রফিকুলের পক্ষে রাষ্ট্রনিযুক্ত হিসেবে শুনানিতে ছিলেন আইনজীবী হাসনা বেগম।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল প্রথম আলোকে বলেন, সিঙ্গাপুরে লাকী মারা যাওয়ার পর পুলিশ তাঁর লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সিঙ্গাপুর পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়, হত্যার কোনো আলামত পাওয়া যায়নি, আত্মহত্যা বলে প্রতীয়মান হয়। এ প্রতিবেদন ইন্টারপোলের মাধ্যমে সংগ্রহ করা হয়। সিঙ্গাপুরের ওই তদন্ত প্রতিবেদন হাইকোর্ট বিবেচনায় নিয়েছেন। সন্তান না হওয়ায় লাকী হতাশাগ্রস্ত ছিলেন, আর হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন। এসব দিক বিবেচনায় হাইকোর্ট রফিকুলকে খালাস দিয়েছেন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়ে রাষ্ট্রের এই আইন কর্মকর্তা বলেন, রফিকুল বিচারের শুরু থেকে পলাতক, তিনি সিঙ্গাপুরে আছেন বলে জানা গেছে।

আইনজীবী সূত্র বলেছে, লাকী ১৯৯৮ সালের ১৭ নভেম্বর সিঙ্গাপুরে মারা যান, পরদিন তাঁর লাশ দেশে আসে। ওই ঘটনায় একই বছরের ১৯ নভেম্বর বগুড়া থানায় অপমৃত্যু মামলা হয়। পরে ১৯৯৯ সালের ২৬ আগস্ট যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে তখনকার নারী ও শিশু নির্যাতন দমন আইনে রফিকুলসহ ছয়জনের বিরুদ্ধে বগুড়া থানায় মামলা করেন লাকীর মা জহুরা হায়দার। অভিযোগ অনুসারে, বুলবুলের সঙ্গে লাকীর ১৯৯৬ সালের ৫ জুলাই বিয়ে হয়। যৌতুকের অর্থ দিতে না পারায় ১২তলা ভবন থেকে লাকীকে ফেলে দিয়ে হত্যা করা হয়।

আইনজীবী সূত্র বলেছে, ওই মামলায় ২০১১ সালের ১২ ডিসেম্বর রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায় দেন। রায়ে রফিকুলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, অপর পাঁচজন খালাস পান। পরে আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য হাইকোর্টে আসে, যা ডেথরেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়। ডেথরেফারেন্সের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার রায় দেওয়া হয়।