স্ত্রী হত্যা মামলায় বাড্ডা থানার সাবেক ওসি মোমিনুল কারাগারে
রাজধানীর বাড্ডা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল আহসানকে স্ত্রী হত্যার অভিযোগে করা মামলায় গতকাল রোববার কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহ গতকাল জামিনের আবেদন শুনানি শেষে মোমিনুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।মোমিনুল গত ৪ মার্চ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত গতকাল শুনানির দিন ধার্য করেছিলেন।মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি শাহ আলম তালুকদার প্রথম আলোকে বলেন, বিচার বিভাগীয় তদন্তকালে আসামি তাঁর স্ত্রী পারভীন আকতার ওরফে পাপিয়াকে নির্যাতন করে হত্যা করেছেন মর্মে আদালতে তাঁর সন্তান জবানবন্দি দিয়েছে। পাপিয়া হত্যার প্রত্যক্ষ সাক্ষী হচ্ছে আসামির সন্তান। আসামির বিরুদ্ধে প্রত্যক্ষ সাক্ষ্য-প্রমাণ থাকায় আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।মামলার অভিযোগে জানা যায়, মোমিনুল আহসান যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করতেন। ২০০৮ সালের ৩০ আগস্ট নির্যাতনের শিকার হয়ে পাপিয়া মারা যান।