স্ত্রী হত্যাকারীর মৃত্যুদণ্ড
চট্টগ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার দায়ে ফজল করিম (৩৮) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
গতকাল বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন।
আসামি ফজল করিম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম বড়ঘোনা গ্রামের মোজাহের মিয়ার ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই স্বামী ফজল যৌতুকের জন্য বিলকিসকে নানাভাবে নির্যাতন করতেন। ২০১০ সালের ২১ জুন আসামি ফজল দুই লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতনের একপর্যায়ে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী বিলকিস আক্তারকে মাথায় আঘাত করে হত্যা করেন। হত্যার পর ঘাতক স্বামী বিলকিসের মুখে বিষ ঢেলে তা আত্মহত্যা হিসেবে প্রচার করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি চন্দন তালুকদার প্রথম আলোকে জানান, ওই ঘটনার পর নিহত বিলকিসের বাবা বাদী হয়ে বাঁশখালী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন। কিন্তু ময়নাতদন্ত প্রতিবেদনে মাথায় আঘাতের প্রমাণ পাওয়া যায়। এরপর ওই বছরের ২ আগস্ট মেয়েটির মা জান্নাত খাতুন বাদী হয়ে ফজল করিমসহ পাঁচজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হত্যা মামলা দায়ের করেন। আদালত পুলিশকে এ ঘটনা তদন্তের নির্দেশ দেন।
তদন্ত শেষে পুলিশ বিলকিসের স্বামীকে একমাত্র আসামি হিসেবে অভিযুক্ত করে ২০১১ সালের ২২ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত মামলার অভিযোগ গঠন করেন ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর। মামলায় রাষ্ট্রপক্ষে ১০ জন সাক্ষী দেন। আসামিপক্ষে সাফাই সাক্ষী দেন দুজন।
চন্দন তালুকদার বলেন, রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণ করতে পারায় আদালত আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আসামির প্রাপ্য সম্পত্তি থেকে এক লাখ টাকা উত্তোলন করে ছয় মাসের মধ্যে ক্ষতিগ্রস্তের পরিবারকে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন। আসামি বর্তমানে কারাগারে আছেন।