স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড, সন্তান খুনে বাবার যাবজ্জীবন
নেত্রকোনায় কেন্দুয়ায় গৃহবধূ ছফিরা বেগম (৩৫) হত্যা মামলায় স্বামী নূরুল ইসলামকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া দুর্গাপুর উপজেলায় শিশুসন্তানকে হত্যার দায়ে বাবা ঈমাম হোসেনসহ দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবদুল হামিদ গত সোমবার দুটি পৃথক মামলায় তাঁদের এই দণ্ড দেন।
মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের পাহাড়পুর গ্রামের নূরুল ইসলাম (৪৫)। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন দূর্গাপুর উপজেলার বন্দঊষান গ্রামের ঈমাম হোসেন (৬০) ও ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার রংসিংপুর গ্রামের লাল মিয়া (৬৫)।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আইনজীবী সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০০০ সালে ১৯ জুলাই রাতে নূরুল ইসলাম তাঁর স্ত্রী ছফিরা বেগমকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় পরদিন নিহতের বড় ভাই আবদুর রাশিদ বাদী হয়ে কেন্দুয়া থানায় নূরুল ইসলামকে আসামি করে হত্যা মামলা করেন।
অপরদিকে পারিবারিক বিরোধের জের ধরে অন্যদের ফাঁসানোর উদ্দেশ্যে ১৯৯৬ সালের ১৮ জুন রাতে দুর্গাপুরের বন্দঊষান গ্রামে ঈমাম হোসেন তাঁর ভায়রা লাল মিয়ার সহায়তায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন নয় মাস বয়সের সন্তান সমতাকে। এ ঘটনায় শিশুটির নানা রিয়াজউদ্দিন একটি হত্যা মামলা করেন।
নেত্রকোনার অতিরিক্ত সরকারি কৌঁসুলি মো. কাদির ভূইয়া জানান, মৃত্যুদণ্ড পাওয়া নূরুল ইসলাম পলাতক।