স্ত্রী হত্যার অভিযোগে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাঁড়িভাঙা গ্রামে স্ত্রী আরিফা খাতুনকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী আশরাফুল হককে (৩৩) মঙ্গলবার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। ১ এপ্রিল রাতে অগ্নিদগ্ধ হওয়ার ১৬ দিন পর মঙ্গলবার সকালে আরিফা মারা যান। এ ব্যাপারে তাঁর বাবা আবদার আলী বাদী হয়ে গত মঙ্গলবার রাতে লালমনিরহাট সদর থানায় আশরাফুল হকের বিরুদ্ধে মামলা করেছেন। লালমনিরহাট সদর থানা ও মামলা সূত্রে জানা গেছে, ২০০২ সালে আশরাফুল হকের সঙ্গে হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের আরিফা খাতুনের বিয়ে হয়। আশরাফুল অটোরিকশা কেনার জন্য বিভিন্ন সময় আরিফাকে তাঁর বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা এনে দিতে চাপ দেন। তিন-চার মাস আগে আরিফা বাবার কাছ থেকে পাঁচ হাজার টাকা এনে স্বামীকে দেন। পরে বাকি ৪৫ হাজার টাকা এনে দেওয়ার জন্য আশরাফুল তাঁকে চাপ দেন। এই টাকা এনে দিতে পারবেন না বলে জানিয়ে দেওয়ায় আরিফাকে নানাভাবে নির্যাতন করেন। ১ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে আশরাফুল বাকি টাকার জন্য স্ত্রীকে মারধর করেন। একপর্যায়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। পরদিন আরিফাকে আশঙ্কাজনক অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। ৩ এপ্রিল তাঁর বাবা-মা এসে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর ১২ এপ্রিল তাঁকে বাবার বাড়িতে নিতে চাইলেও শ্বশুরবাড়ির লোকজন যেতে দেয়নি। হাঁড়িভাঙা গ্রামে থাকা অবস্থায় আরিফার অবস্থার অবনতি হলে তাঁকে ১৬ এপ্রিল আবার লালমনিরহাট ও পরে রংপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তির জন্য পরামর্শ দেন। আরিফার বাবার বাড়ির লোকজন গত মঙ্গলবার তাঁকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে বেলা ১১টায় তিনি মারা যান। এ ঘটনার পর শ্বশুরবাড়ির লোকজন আশরাফুল হককে আটক করে মঙ্গলবার রাতেই লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করেন। থানা হাজতে আশরাফুল হক বলেন, ‘আমার স্ত্রীর খুব রাগ। ওই দিন ঝগড়াঝাটির একপর্যায়ে নিজেই নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।’