স্ত্রী হত্যার অভিযোগে নরসিংদীর জয়নাল কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের নোয়াকান্দি গ্রামের জয়নাল আবেদীনকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে মা নিহত ও বাবা কারাগারে থাকায় তাঁদের তিন মেয়েকে নানার জিম্মায় দেওয়া হয়েছে।মনোহরদী থানার পুলিশ জানায়, সাহেরা খাতুনের মরদেহ উদ্ধারের পরদিন গত সোমবার তাঁর ভাই মোস্তফা মিয়া বাদী হয়ে মনোহরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে হত্যা মামলা করেন। ওই মামলায় জয়নাল মিয়াকে প্রধান আসামি করে তাঁর মা, ছোট ভাইয়ের স্ত্রী এবং বোনকেও অভিযুক্ত করা হয়।মনোহরদীর লেবুতলা ইউনিয়নের স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফজলুল হক বলেন, ‘সব দিক বিবেচনা করে ওসি মিয়া কতুবুর রহমানের উদ্যোগে আমরা বসে শিশুদের নানার বাড়িতে রাখাটাই নিরাপদ মনে করেছি।’মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন বলেন, ‘ঘটনার দিন সাহেরার স্বামী জয়নালকে আটক করে থানায় নিয়ে আসি। পরে নিহতের ভাইয়ের দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে গত সোমবার আদালতের মাধ্যমে নরসিংদী জেলা কারাগারে পাঠানো হয়।’নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, গত এক যুগে সাহেরা ও জয়নাল দম্পতির ঘরে তিনটি মেয়ে হয়। কিন্তু জয়নাল একটি ছেলে চেয়েছিলেন। এ কারণে প্রতিবারই কন্যাসন্তান হওয়ার পর সাহেরার ওপর নির্যাতনের খড়্গ নেমে আসে। তৃতীয় কন্যাসন্তান হওয়ার নয় মাসের মাথায় গত রোববার সাহেরার মরদেহ পাওয়া যায়।