স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
গৃহবধূ স্বপ্না রানী চক্রবর্তীকে (২২) হত্যার অভিযোগে গত বৃহস্পতিবার রাজবাড়ী সদর উপজেলার বড়াটবাজার থেকে সঞ্জয় চক্রবর্তী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, বুধবার গভীর রাতে স্বপ্নাকে হত্যা করা হয়। পরে লাশ ঘরে ঝুলিয়ে রেখে আত্মহত্যার প্রচারণা চালানো হয়। বৃহস্পতিবার রাতেই ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ব্যাপারে স্বপ্নার মা মিনতী রানী চক্রবর্তী থানায় একটি হত্যা মামলা করেন। অভিযোগে উল্লেখ করা হয়, চার বছর আগে ফরিদপুরের মধুখালী উপজেলার বামনদী গ্রামের স্বপ্নার সঙ্গে সঞ্জয়ের বিয়ে হয়। বিয়ের সময় সাধ্য অনুযায়ী সবকিছু দেওয়া হলেও প্রায়ই সঞ্জয় বিভিন্ন অজুহাতে স্ত্রীকে মারধর করতেন।সদর থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান প্রথম আলোকে জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে ফোনে আত্মহত্যার সংবাদ পেয়ে বরাটবাজারের পাশে অবস্থিত নিমাই চক্রবর্তীর ছেলে সঞ্জয় চক্রবর্তীর বাড়ি থেকে স্বপ্নার লাশ উদ্ধার করা হয়। লাশের গলায় আঘাতের চিহ্ন পাওয়া যায়।