স্ত্রী হত্যার কথা স্বীকার করে জবানবন্দি
নারায়ণগঞ্জের বন্দরে গৃহবধূ জামিনা আক্তার হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তাঁর স্বামী সানি আলম। আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কেএম মহিউদ্দিনের আদালতে তিনি এই জবানবন্দি দেন।
সানি আলম বন্দর উপজেলার আলীনগর এলাকার মৃত সামসুল আলমের ছেলে। তিনি সোমবার রাতে থানায় আত্মসমর্পণ করেন। গত ৩ মার্চ সকাল ১১টায় নাশতা খাওয়ার সময় স্ত্রী জামিনার সঙ্গে ঝগড়া হলে তাঁকে শ্বাসরোধ করে হত্যার পর সানি পালিয়ে যান বলে অভিযোগ ওঠে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, আদালতে দেওয়া জবানবন্দিতে সানি আলম উল্লেখ করেন, কয়েক মাস ধরে ব্যবসায় ক্রমাগত লোকসান হওয়ায় তাঁদের আর্থিক অবস্থা ভালো যাচ্ছিল না। ঘটনার দিন স্ত্রী তাঁকে সকালের নাশতা দিয়ে ঝগড়া শুরু করে। একপর্যায়ে তাঁর গায়ে হাতও তোলে। এতে তিনি ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে ওড়না দিয়ে গলা পেঁচিয়ে ধরেন। এর কিছুক্ষণের মধ্যে স্ত্রী মারা গেলে তিনি ঘরের দরজা লাগিয়ে পালিয়ে যান। প্রথমে ঢাকায় এবং পরে কুষ্টিয়ায় গিয়ে তিনি আত্মগোপন করেন। পরে নিজের অনুশোচনা থেকে সোমবার রাতে বন্দরে ফিরে তিনি সরাসরি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।