স্ত্রী হত্যার কথা স্বীকার সাজ্জাদুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি সুরভীরে মারছি। আমি আদালতরে সবকিছু বলব। আমার যা শাস্তি হয় হউক। আমি জেলে গেলে শুধু আমার বাচ্চা দুইটারে দেইখেন।’ স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার সাজ্জাদুল ইসলাম ওরফে রাসেলকে গতকাল সোমবার আদালতে নেওয়া হলে সেখানে উপস্থিত স্বজনদের কাছে তিনি এমন অনুরোধ প্রার্থনা করেন। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গত রোববার সকালে রাজধানীর যাত্রাবাড়ীর পূবালী এলাকার বাসা থেকে সাজ্জাদুলের স্ত্রী সুরভী আক্তারের রক্তাক্ত-থেঁতলানো লাশ উদ্ধার করে পুলিশ। বিকেলেই যাত্রাবাড়ী থানায় গিয়ে আত্মসমর্পণ করেন সাজ্জাদুল।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে সাজ্জাদুল জানিয়েছেন, হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যার পরে দুই শিশুসন্তানকে ঘরে রেখে তালা দিয়ে পালিয়ে যান তিনি। এ ঘটনায় রোববার নিহত সুরভীর বড় ভাই সামসুজ্জামান সাজ্জাদুলকে আসামি করে হত্যা মামলা করেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান মিয়া জানান, গতকাল সাজ্জাদুল আদালতে হাকিমের সামনে হত্যার ঘটনা স্বীকার করে জবানবন্দি দেন। গতকাল কুমিল্লার বুড়িচংয়ে সুরভীর দাফন হয়েছে। আর শিশু দুটিকে সাজ্জাদুলের ভাইয়ের হেফাজতে রাখা হয়েছে।