স্ত্রী হত্যার খবর দেখে মন খারাপ হয়ে যায়: প্রধান বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
ফাইল ছবি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘সোসাইটিও দেখতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠলেই দেখা যায় (পত্রিকা) ওয়াইফ কিলিং (স্ত্রী হত্যা)। এ ঘটনা দেখলে মনটা খারাপ হয়ে যায়। কারণ সব আল্টিমেটলি আসে জুডিশিয়ারির ওপরে।’
এক মামলার শুনানিকালে বৃহস্পতিবার প্রধান বিচারপতি এসব কথা বলেন। স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে এক আসামির করা জেল আপিলের ওপর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় সদস্যের ভার্চ্যুয়াল আপিল বিভাগে শুনানি হয়।

‘স্বপন কুমার বিশ্বাস বনাম রাষ্ট্র’ নামে আসামির করা ওই আপিলটি কার্যতালিকার ৯ নম্বর ক্রমিকে ছিল। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, ‘আমরা দু-একটিতে (মামলা) ছেড়েছি। এটা নিয়ে বলা হয়, তাহলে কেন ১৭–১৮ বছর জেলখানায় ছিল (আসামি)। বলা হয়, হাইকোর্টের বিচারপতি ও অধস্তন আদালতের বিচারকের বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হলো না? এসব কথা যদি বলা হয়, এগুলো তো প্রপার না।’
স্বপনের পক্ষে শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, প্রায় ১৪ বছর ধরে স্বপন কনডেমড সেলে আছেন।

এর আগে কারাগার থেকে লেখা চিঠির মাধ্যমে স্বপন তাঁর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেনকে মামলা পরিচালনার অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে স্বপনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন অংশ নেন, সঙ্গে ছিলেন আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরশেদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। এ ছাড়া স্বপনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন হাসিনা আক্তার।

আইনজীবী সূত্রের তথ্যমতে, ২০০৬ সালের ১৬ অক্টোবর নীলফামারীর সৈয়দপুরে প্রবাসী স্বপনের স্ত্রী স্বপ্না ঘোষকে রাত সাড়ে ১০টা থেকে ভোর ৫টার মধ্যে যেকোনো সময় হত্যা করা হয়। এ ঘটনায় একই বছরের ২৮ নভেম্বর পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করে। সেদিনই স্বপনকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় ২০০৭ সালের ৮ মার্চ স্বপনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০০৮ সালের ১৮ নভেম্বর বিচারিক আদালতের দেওয়া রায়ে স্বপনের মৃত্যুদণ্ড হয়। এর বিরুদ্ধে স্বপন জেল আপিল করেন। এ জেল আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে ২০১৪ সালের ৯ এপ্রিল হাইকোর্ট রায় দেন। রায়ে স্বপনের মৃত্যুদণ্ড বহাল থাকে। এর বিরুদ্ধে কারাগারে থেকে জেল আপিল করেন স্বপন, যার ওপর শুনানি শেষ হয়। শুনানি শেষে ১২ জুলাই রায়ের জন্য দিন রেখেছেন আপিল বিভাগ।

শিশু হত্যায় আসামির মৃত্যুদণ্ড বহাল

নোয়াখালীর সুধারামের গোপীনাথপুর গ্রামের ৯ বছর বয়সী শিশু আরাফাত হোসেনকে হত্যার দায়ে আসামি মো. জাহাঙ্গীরের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামির করা জেল আপিল খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের ভার্চ্যুয়াল আপিল বিভাগ বৃহস্পতিবার এ রায় দেন।

আদালতে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত হিসেবে আইনজীবী এ বি এম বায়েজীদ শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

আইনজীবীদের তথ্যমতে, ২০০৭ সালের ১৩ মার্চ সন্ধ্যার পর গোপীনাথপুর গ্রামের শিশু মাদ্রাসাশিক্ষার্থী আরাফাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার পর পাশের কবরস্থানে ফেলে রাখা হয়। দুদিন পর শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেন। আরাফাতের বাবার সঙ্গে জমি বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে শিশুকে হত্যা করেন বলে জাহাঙ্গীরের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসে।

ওই মামলায় ২০০৮ সালের ২৮ জুলাই বিচারিক আদালতের দেওয়া রায়ে জাহাঙ্গীরের মৃত্যুদণ্ড হয়। এর বিরুদ্ধে জাহাঙ্গীর হাইকোর্টে জেল আপিল করেন। অন্যদিকে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। এসবের ওপর একসঙ্গে শুনানি শেষে ২০১৩ সালের ১৮ নভেম্বর হাইকোর্ট জাহাঙ্গীরের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন। এর বিরুদ্ধে ওই বছরই কারাগারে থেকে জেল আপিল করেন জাহাঙ্গীর, যা খারিজ করে রায় দেওয়া হয়।