স্ত্রী হত্যার দায়ে ফাঁসির আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১৭ বছর পর বগুড়ার সদর উপজেলার নামুজা শাহাপাড়া গ্রামের গৃহবধূ পিয়ারা বেগমকে হত্যার দায়ে রিয়াজ উদ্দিনকে (৫৬) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১-এর বিচারক এস এম ছাইফুল ইসলাম এ মামলার রায় দেন।

খালাস পাওয়া ব্যক্তিরা হলেন আবদুর রাজ্জাক, ফুল মামুদ ফকির, আমজাদ আলী, ফরিদ উদ্দিন প্রামাণিক ও আফজাল হোসেন।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১-এর সরকারি কৌঁসুলি (পিপি) মন্তেজার রহমান ও সহকারী সরকারি কৌঁসুলি তোফাজ্জল হোসেন (এপিপি) ছিলেন।

পরে তোফাজ্জল হোসেন সাংবাদিকদের জানান, ১৯৯৭ সালের ১৯ এপ্রিল সকাল সাতটার দিকে নামুজা শাহাপাড়া গ্রামের নিজ বাড়িতে গৃহবধূ পিয়ারা বেগমকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় স্বামী রিয়াজ উদ্দিনকে প্রধান আসামি ও অন্য আরও পাঁচজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন পিয়ারা বেগমের ভাই মমতাজ উদ্দিন ফকির। পরে এ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আজ আদালত এ রায় দেন।
আসামিপক্ষের আইনজীবী এম এ কে ফজলুল হক জানান, এ রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।