স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
নোয়াখালীর হাতিয়া উপজেলার মধ্যম চরচেঙ্গায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আমিরুল ইসলাম ওরফে রাশেদকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ এ রায় দেন।
একই আদেশে আসামিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন আদালত। অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলার অন্য তিন আসামি নুরুল ইসলাম চৌকিদার, রশিদ উদ্দিন ও সামছু উদ্দিনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আমিরুল হাতিয়ার মধ্য চরচেঙ্গা গ্রামের নুরুল ইসলাম চৌকিদারের ছেলে। রায় ঘোষণার সময় আমিরুল এজলাসে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, বাবার বাড়ি থেকে ৩০ হাজার টাকা যৌতুক এনে দিতে রাজি না হওয়ায় ২০১০ সালের ২৩ আগস্ট রাতে আছমিনা খাতুনকে (২০) শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনায় পরদিন নিহত গৃহবধূর বাবা মোজাম্মেল হোসেন বাদী হয়ে আমিরুল ইসলাম ও তাঁর বাবা নুরুল ইসলাম চৌকিদারসহ চারজনকে আসামি করে হাতিয়া থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে চার আসামির বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।