স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় স্ত্রী ফাতেমা খাতুনকে হত্যার দায়ে স্বামী রুবেল মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবদুল হামিদ আজ বুধবার এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামি রুবেল আদালতে উপস্থিত ছিলেন। তাঁর বাড়ি জেলার কেন্দুয়া উপজেলার স্বল্পমাইজহাটী গ্রামে।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, উপজেলার স্বল্পমাইজহাটী গ্রামের রুবেল মিয়ার সঙ্গে আট বছর আগে একই গ্রামের ফাতেমা খাতুনের বিয়ে হয়। কিন্তু দাম্পত্য কলহ লেগেই থাকত। এ ছাড়া যৌতুকের দাবিতেও রুবেল ফাতেমাকে মারধর করতেন। ২০০৯ সালের ২৫ আগস্ট সন্ধ্যায় রুবেল এক সন্তানের জননী ফাতেমাকে গলা কেটে হত্যা করেন। এ ঘটনায় পরদিন ফাতেমার বড় ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নেত্রকোনার অতিরিক্ত সরকারি কৌঁসুলি মো. আবদুল কাদির ভূঁইয়া।
আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. শামছুদ্দিন আহম্মদ।