স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
স্ত্রী হত্যার দায়ে স্বামী মোস্তফা সরদারকে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আদিব আলী গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মোস্তফা সরদার গৌরনদী উপজেলার কসবা এলাকার লাখেরাজ গ্রামের বাসিন্দা। মামলার অপর আসামি মোস্তফার দ্বিতীয় স্ত্রী ভুলু বেগম এবং ভুলু বেগমের প্রথম স্বামী লাল মিয়া আকনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মোস্তফা সরদার তাঁর প্রথম স্ত্রী কোহিনুর বেগমকে ২০১০ সালের ১ ফেব্রুয়ারি শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনায় মোস্তফা সরদার, মোস্তফার দ্বিতীয় স্ত্রী ভুলু বেগম এবং ভুলু বেগমের প্রথম স্বামী লাল মিয়া আকনের বিরুদ্ধে মামলা করা হয়।