স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। গতকাল বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এই রায় দেন। দণ্ডিত আসামির নাম গোলাম মোস্তফা ওরফে মনু। রায়ে এক লাখ টাকা জরিমানার আদেশও দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত মামলার অন্য তিন আসামিকে খালাস দিয়েছেন। রায় ঘোষণার পর গোলাম মোস্তফাকে কারাগারে পাঠানো হয়। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী চন্দন তালুকদার প্রথম আলোকে জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত গোলাম মোস্তফাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৭ সালের ১১ মার্চ নগরের কোতোয়ালি থানার চকবাজার জয়নগর এলাকায় নিজ বাসায় খালেদা আক্তারকে পিটিয়ে হত্যা করা হয়। এর আগে যৌতুক হিসেবে টেলিভিশন ও আসবাবপত্র দেওয়ার দাবিতে গোলাম মোস্তফা খালেদাকে নির্যাতন করতেন। চন্দন তালুকদার জানান, হত্যার পর লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়।আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, নিহত খালেদার শরীরে ছয়টি আঘাতের চিহ্ন পাওয়া যায়। এরপর ২০০৭ সালের ৫ এপ্রিল নিহতের বড় ভাই মনসুর আলম গোলাম মোস্তফা, তাঁর বোন শানু আক্তার ও হোসনে আরা এবং ভাই সিরাজকে আসামি করে মামলা করেন। ২০০৭ সালের ৩০ জুন চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০০৮ সালের ২৫ ফেব্রুয়ারি আদালত অভিযোগ গঠন করেন। ১১ জন সাক্ষী ও দুজন সাফাই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত গতকাল এই রায় দেন।