স্ত্রী হত্যার দায়ে একজনের যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী চম্পা বেগমকে হত্যার দায়ে মনিরুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনামুল বারী আজ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। এ সময় অভিযুক্ত মনিরুল আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম জেলার শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামের বাসিন্দা।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০১১ সালের ১ মার্চ রাতে চম্পা বেগমের (৩০) সঙ্গে তাঁর মনিরুলের ঝগড়া হয়। একপর্যায়ে মনিরুল চম্পাকে শ্বাসরোধ করে হত্যা করেন। ঘটনায় পরের দিন চম্পার মা আনারকলি বেগম বাদী হয়ে আটজনকে আসামি করে শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক নূর মোহাম্মদ সরকার ওই বছরের ১৭ এপ্রিল মনিরুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।