স্ত্রী হত্যার দায়ে গাজীপুরে স্বামীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় দেন।
দণ্ড পাওয়া আসামি হলেন গাজীপুরের শ্রীপুর থানার কামাল হোসেন (৪০)। আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কামাল হোসেন স্ত্রী শহিদা বেগম ও দুই সন্তানকে নিয়ে গাজীপুরের খাইলকুর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। ২০১১ সালের ৩০ এপ্রিল পারিবারিক কলহের জের ধরে শহিদা বেগমকে (৩০) দা দিয়ে কুপিয়ে হত্যা করেন কামাল। এ ঘটনায় নিহত শহিদার ভাই মো. আবদুল গফুর কামালকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম ওই বছরের ৩০ জুন কামালকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল কামালকে যাবজ্জীবন দেওয়া হয়। পাশাপাশি তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।