স্ত্রী হত্যার দায়ে চাঁদপুরে স্বামীর মৃত্যুদণ্ড
চাঁদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী চৈতন্য সরকারের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গত রোববার বিকেলে চাঁদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোতাহির আলী এই রায় দেন। ওই মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চরবাইশপুর গ্রামের চৈতন্য সরকার ২০০৭ সালের ১ অক্টোবর স্ত্রী সঞ্চিতা রানীকে যৌতুকের দাবিতে নির্যাতন করে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখেন। এ ঘটনার পরদিন সঞ্চিতার বাবা মতলব দক্ষিণ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় চৈতন্য সরকার, তাঁর বাবা বিপদ সরকার এবং ছোট দুই ভাই কৃষ্ণ সরকার ও কমল সরকারকে আসামি করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান মিয়া ২০০৭ সালের ১১ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় মোট সাতজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।