স্ত্রী হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড
স্ত্রী হত্যার দায়ে নেত্রকোনা ও বরিশালে আদালত দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। গতকাল সোমবার রায় দেওয়ার সময় দুজন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পরশ আলী (৬৫) ও মো. শাহ আলম হাওলাদার (৪০)।
পরশ আলী প্রায় ১০ বছর আগে তাঁর স্ত্রী হালিমা খাতুনকে (৪৫) ধারালো অস্ত্রের আঘাতে খুন করেন। তিনি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। রায়ের সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ২০০৫ সালের ২ নভেম্বর রাতে পরশ আলী ঘুমের মধ্যে স্ত্রী হালিমাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন। হালিমা ও পরশের সাতজন ছেলেমেয়ে। তাঁদের বড় ছেলে মতি মিয়া এ খুনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
ঘটনার পরদিনই মতি মিয়া বাদী হয়ে বাবা পরশ আলীকে আসামি করে কলমাকান্দা থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে। নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ গতকাল বেলা ১১টার দিকে এ রায় দেন।
এদিকে বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক বানারীপাড়া উপজেলার বিশারকান্দি গ্রামের শাহ আলমকে মৃত্যুদণ্ড দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাহ আলমের সঙ্গে এক নারীর অবৈধ সম্পর্ক ছিল। এ ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। ২০০৯ সালের ২০ জানুয়ারি ঝগড়ার একপর্যায়ে স্ত্রী লাইজুকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেন শাহ আলম। এ ঘটনায় লাইজুর ভাই দুলাল হোসেন বাদী হয়ে বানারীপাড়া থানায় শাহ আলমসহ তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
বানারীপাড়া থানার উপপরিদর্শক সঞ্জীব চন্দ্র শীল ২০০৯ সালের ৬ জুন তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।