স্ত্রী হত্যার দায়ে পঞ্চগড়ে একজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী হত্যার দায়ে পঞ্চগড়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহবুব-উল ইসলাম গতকাল রোববার এ রায় দেন।যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া মো. মোস্তফার (৩৫) বাড়ি জেলার তেঁতুলিয়া উপজেলায়।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, উপজেলার ব্রহ্মতলপাড়া এলাকার মজিবর রহমানের মেয়ে রেবেকা বেগমের (৩০) সঙ্গে একই এলাকার মোস্তফার বিয়ে হয়। বিয়ের পর থেকে রেবেকাকে যৌতুকের জন্য চাপ দিতে থাকেন মোস্তফা। যৌতুক না দেওয়ায় ২০০৯ সালের ৩ আগস্ট মোস্তফা রেবেকাকে মারপিট করেন এবং শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় রেবেকার বাবা বাদী হয়ে মোস্তফাসহ সাতজনের বিরুদ্ধে তেঁতুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।তেঁতুলিয়া থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা নরেন্দ্রনাথ সরকার মামলাটি তদন্ত করে গত বছরের ২৪ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ছয় আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।