স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড
চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে মিনারুল ইসলাম নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ কে জি মোস্তফা এ আদেশ দেন। দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আয়ুব আলীর ছেলে মিনারুল। রায়ের পর তাঁকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ১৪ আগস্ট রাতে মিনারুল নিজ বাড়িতে তাঁর স্ত্রী বেলী বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। বেলীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করার পর ওই দিন দিবাগত রাত পৌনে একটায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় বেলীর বাবা একই উপজেলার মোহামঞ্চদপুর গ্রামের বিল্লাল হোসেন বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দর্শনা তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ইনতাজ আলী ২০০৬ সালের ১১ অক্টোবর আসামি মিনারুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।