স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় স্ত্রী হত্যা মামলায় ওমর ফারুক (২৬) নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ সোমবার জজ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ জাফরোল হাছান আসামির উপস্থিতিতে এ রায় দেন।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৮ আগস্ট এনায়েতপুর থানার খুকনী যোগীবাড়ির ফজর আলীর মেয়ে মুক্তা খাতুনকে বিয়ে করে ওমর ফারুক। বিয়ের পর এক লাখ টাকা যৌতুকের দাবিতে তিনি স্ত্রীকে নির্যাতন শুরু করেন। এর জের ধরে ওই বছরের ১ নভেম্বর গৃহবধূ মুক্তাকে শ্বাসরোধ ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মুক্তার বাবা ফজর আলী বাদী হয়ে জামাই ওমর ফারুকসহ ১০ জনের বিরুদ্ধে বেলকুচি থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে থানা–পুলিশ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।
ওই আদালতের বেঞ্চ সহকারী আবদুর রশিদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।