স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক ইমান আলী শেখ এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ওই আসামির নাম এনামুল হক (৩০)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের নারান্দিয়া গ্রামের হাবিবর রহমানের ছেলে।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালে এনামুল হকের সঙ্গে সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা মহল্লার নুর আলমের মেয়ে কল্পনা খাতুনের (২২) বিয়ে হয়। বিয়ের পর থেকেই এনামুল বিভিন্ন সময়ে স্ত্রীকে নির্যাতন করত। এ নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। এরই জের ধরে ২০১১ সালের ১৮ মে এনামুল তার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করে ঘরের মেঝেতে ফেলে পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের চাচা রফিকুল ইসলাম বাদী হয়ে এনামুলসহ ৬ জনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আসিফ মো. সিদ্দীকুল ইসলাম পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে বিচারক আজ সোমবার এ রায় দেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল হক সরকার ও ইব্রাহীম খলিল সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।