স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে নওগাঁর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মজিবুর রহমান এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম সানাউল ইসলাম। তাঁর বাড়ি উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া গ্রামে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সামসুর রহমান প্রথম আলোকে বলেন, ২০১৪ সালের ৩১ মে রাতে সানাউল ইসলাম তাঁর স্ত্রী বিপাশাকে (২১) শ্বাসরোধ করে হত্যা করেন। পরে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য লাশের গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ের সঙ্গে ঝুলিয়ে রাখেন। ঘটনার পর দিন সানাউলের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে বিপাশার মা মরিয়ম বেগম নিয়ামতপুর থানায় মামলা করেন।
তদন্ত শেষে ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি সানাউলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ঘটনাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি সানাউল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
মামলাটির আসামি পক্ষের আইনজীবী ছিলেন মামুনুর রশিদ।