স্ত্রী হত্যার দায়ে রংপুরে স্বামীর যাবজ্জীবন
রংপুরে স্ত্রী হত্যা মামলায় গতকাল বৃহস্পতিবার স্বামী মিজানুর রহমানকে (২৭) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল দুপুরে ওই রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় মিজানুর আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আখতারুজ্জামান বলেন, ২০০৬ সালের ১ নভেম্বর রাতে জেলার বদরগঞ্জ উপজেলার রামকৃষ্ণপুর নয়াপাড়া গ্রামের মিজানুরের শোবার ঘর থেকে তাঁর স্ত্রী গোলাপী খাতুনের (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন গোলাপীর বাবা আবু তালেব বাদী হয়ে মিজানুরকে একমাত্র আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। গোলাপীকে হত্যার নয় মাস আগে মিজানুরের সঙ্গে তাঁর বিয়ে হয়। মৃত্যুর সময় গোলাপী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে মামলার উল্লেখ করা হয়। এ ঘটনায় ২০০৭ সালের ১০ এপ্রিল বদরগঞ্জ থানার তৎকালীন এসআই শচীন্দ্র নাথ দাস আসামি মিজানুরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।